১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা গতকাল (রবিবার) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেন্ট||গাইবান্ধা ||বাতায়ন২৪ডটকম
প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোশাররফ হোসেন বুলু-এর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গফফার মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি এ.কে.এম. শামসুল হক এবং কার্যনির্বাহী সদস্য শেখ মামুন উর রশিদ।
বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ বলেন, সাংবাদিকরা যেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশেষ করে অফিস-আদালতে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে গণমাধ্যমকে আরও বেশি নজরদারি রাখতে হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে অবহেলিত সুন্দরগঞ্জের উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সামিউল ইসলাম বলেন, সাংবাদিকের কলম চলবে অন্যায়ের বিরুদ্ধে। অন্যায় যে ব্যক্তি, গোষ্ঠী বা দলেরই হোক না কেন, সত্য প্রকাশে সাংবাদিকদের কলম কখনো থেমে থাকা উচিত নয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সত্য প্রকাশে কখনো পিছপা হবো না। সত্য প্রকাশে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে সাংবাদিক সমাজ সম্মিলিতভাবে তা মোকাবিলা করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে।”
সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বুলু বলেন, “সাংবাদিকের কোনো বন্ধু নেই, আবার শত্রুও নেই। একজন সাংবাদিকের একমাত্র পরিচয় সত্যের অনুসন্ধানী। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের নৈতিক দায়িত্ব।”
কার্যনির্বাহী সদস্য শেখ মামুন উর রশিদ বলেন, “আমরা ব্যক্তি বা দলের পক্ষে-বিপক্ষে নই। অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলাই আমাদের কলম ও কণ্ঠের অঙ্গীকার। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সুন্দরগঞ্জ প্রেসক্লাব সবসময় আপসহীন থাকবেআলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ন্যায়ের পক্ষে সোচ্চার ভূমিকা এবং সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। শেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুন্দরগঞ্জে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মাহমুদুলহাসান /বাতায়ন২৪ডটকম