স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে এক বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা। সমাবেশ থেকে নেতারা ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান। জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলজুড়ে নেতাকর্মীরা বিভিন্ন বিপ্লবী স্লোগানে পুরো নগরী মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে শোনা যায়- ‘গোলামী না, আজাদী, আজাদী আজাদী’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে দেশের বিপুল সংখ্যক মানুষ যে রায় দিয়েছেন, বর্তমান সরকার তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করছে না। জনগণের প্রায় ৭৪ শতাংশের সমর্থন পাওয়া গণরায়কে উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ ও শহীদদের রক্তের বিনিময়ে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পুরো দায় সরকারের। তাই কালবিলম্ব না করে অবিলম্বে ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
সমাবেশের সভাপতি ও রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান বলেন, “দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করলে সাধারণ মানুষ সরকারকে সহযোগিতা করবে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়া হলে তার রাজনৈতিক দায় সরকারকেই বহন করতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল গনি এবং ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান।
এ ছাড়া গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম এবং ছাত্রশিবির রংপুর জেলা শাখা সভাপতি হামিদুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম/