স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরকে আর অবহেলিত রাখা যাবে না। জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আন্দোলন-সংগ্রামে রংপুর যেমন অগ্রণী ভূমিকা রেখেছে, তেমনি উন্নয়নেও এ জেলাকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে ঐক্যবদ্ধতা। এ জন্য জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নবঞ্চনার চিত্র গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

রোববার (১৫ নভেম্বর) রাতে রংপুর সিটি প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, দেশের অন্যান্য জেলা নিজেদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরাও পিছিয়ে থাকতে চাই না। কোনো জেলাকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সব শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে রংপুরের উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে, যাতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা যায়।
গণমাধ্যমের উন্নয়ন প্রসঙ্গে জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সাংবাদিকদের স্বীকৃতি ও মর্যাদা বৃদ্ধিতেও তথ্য মন্ত্রণালয় কাজ করছে।
সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল আমিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ সালেকুজ্জামান সালেক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের প্রধান গবেষণা কর্মকর্তা ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. মো. রোকনুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল করিম সরকার, সিটি প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম জীবন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শাহআলম, সদস্যসচিব হাসান ফেরদৌস রাসেল, সাংস্কৃতিক সম্পাদক এস এম শহিদুল আলম এবং কার্যকরী সদস্য সাকিল আহমেদ ও মৌসুমি শংকর।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সাঈদ মফিদুল হক বাবু, শাহিদুর রহমান, আলী হায়দার রনি, রফিকুল ইসলাম সাবুল, আরমানুল হক, আলমগীর হোসেন অপু, শাহ রেজা ও মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
এর আগে প্রধান অতিথি সিটি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ক্লাবের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলামকে সম্মাননা জানানো হয়। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহিল ফারহান লিয়ন, রহিমা বেগম ও কাজল রায়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম