ডিআইজির হুঁশিয়ারি নিরপরাধ কাউকে গ্রেফতার নয়, নাশকতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
স্টাফ করেসপন্ডেন্ট||গোপালগঞ্জ||বাতায়ন২৪ডটকম
রোববারের সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় দুই হাজার পুলিশ সদস্য ও কর্মকর্তা এবং ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মহাসড়ক, জেলা শহর ও চার উপজেলায় চলছে বিশেষ নজরদারি ও টহল। এদিকে, সহিংসতার ঘটনায় গ্রেফতার অভিযান অব্যাহত থাকলেও নিরপরাধ কাউকে গ্রেফতার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। মাঠপর্যায়ে পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা শহরের পৌরসভা এলাকা ও চার উপজেলাতেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
রোববারের সহিংসতার ঘটনায় মামলা ও গ্রেফতার প্রসঙ্গে ডিআইজি বলেন, এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে। গতকাল থেকেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হবে না। জনজীবন স্বাভাবিক করা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো কর্মসূচি সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ওই দিন পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েনের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
এদিকে, রোববার দিনভর ও রাতে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পর সোমবার গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। সকাল থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হন সাধারণ মানুষ। শহরের সড়কে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। খোলা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান, অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি। সোমবার জেলায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিজিবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা টহল দিচ্ছেন। পাশাপাশি পুলিশ ও এসআরবির সদস্যদেরও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
উল্লেখ্য, রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম