বেরোবি প্রতিনিধি|বাতায়ন২৪ডটকম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটিতে শাহরিয়ার সোহাগকে আহ্বায়ক এবং মিজানুর রহমান মিনারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটিতে অর্ঘ্য দীপ মজুমদারকে অর্থবিষয়ক দায়িত্বপ্রাপ্ত, ফারহাতুল হাসানকে দপ্তরবিষয়ক দায়িত্বপ্রাপ্ত, জীবন কুমার রায়কে পাঠচক্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত এবং মো. শাহরিয়ার ইসলাম রাতুলকে প্রচার ও প্রকাশনাবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শ্রীবাস কুমার পাল, রিফাত শেখ ও কুনাল রায়।
সংগঠনের গঠনতন্ত্রের ১৮ ধারা মোতাবেক আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নতুন কমিটি গঠন প্রসঙ্গে নবগঠিত কমিটির আহ্বায়ক বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার বহুদলীয় ছাত্ররাজনীতির বিকাশ ঘটেনি। পাশাপাশি এই ক্যাম্পাস বহুমাত্রিক গুণগত ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেরোবির রাজনৈতিক, সাংস্কৃতিক ও গুণগত রূপান্তরের লক্ষ্যে কাজ করে যেতে চায়।”
সদস্য সচিব মিজানুর রহমান মিনার বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবের পদটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বকে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ন্যায্য দাবির বিষয়ে কাজ করার সুযোগ হিসেবে দেখছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই।”
এইচআরবি/বাতায়ন২৪ডটকম