চাঞ্চল্যকর ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নানাবিধ আলোচনা চলছে, প্রতিটি তথ্যের পেশাদারিত্বের সাথে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে এবং যথাযথ জবাব নিশ্চিত করে দ্রুত আদালতে সঠিক চার্জশিট দাখিল করা হবে- কমিশনার
হারুন-অর-রশিদ বাবু|রংপুর|বাতায়ন২৪ডটকম
রংপুরের চাঞ্চল্যকর চার খুন ও সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সপরিবারে নৃশংস হত্যার ঘটনায় মামলার গুরুত্বপূর্ণ স্থান বা ‘পয়েন্ট অব অকারেন্স’ (পিও) পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নবনিযুক্ত কমিশনার মাহবুব রশিদ। দায়িত্ব নেওয়ার পরদিনই (২৮ আগষ্ট) শুক্রবার দুপুর ১২টায় তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান এবং মামলার অগ্রগতি ও সার্বিক বিষয় খতিয়ে দেখেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ কমিশনার বলেন, “তদন্ত একটি চলমান প্রক্রিয়া। নতুন দায়িত্ব গ্রহণের পর মামলার তদন্তের স্বার্থেই মূল ঘটনাস্থল দেখতে এসেছি। একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নানাবিধ আলোচনা চলছে। প্রতিটি তথ্যের পেশাদারিত্বের সাথে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে এবং যথাযথ জবাব নিশ্চিত করে দ্রুত আদালতে সঠিক চার্জশিট দাখিল করা হবে, যাতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়।”
তদন্তের সুবিধার্থে আলামত ধ্বংস বা আলামত ধুয়ে ফেলার গুঞ্জনের বিষয়ে তিনি জানান, ক্রাইম সিন যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক কয়েকটি হত্যার ঘটনার কথা উল্লেখ করে নবনিযুক্ত কমিশনার রংপুরবাসীকে আশ্বস্ত করেন। তিনি বলেন, “রংপুর একটি ঐতিহ্যবাহী শান্তিপূর্ণ শহর। বাস্তবতার নিরিখে সাম্প্রতিক কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা সবাইকে সাথে নিয়ে রংপুরকে পুনরায় একটি নিরাপদ ও শান্তিময় শহর হিসেবে গড়ে তুলব।”
একই সাথে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। কমিশনার বলেন, “মাদক কেবল রংপুরের সমস্যা নয়, এটি পুরো দেশের একটি সংকট। ইতোমধ্যে দায়িত্ব নিয়েই পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। রংপুরবাসী আগামী এক সপ্তাহের মধ্যেই শহরের সার্বিক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।”
উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন প্রধান হিসেবে গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন কমিশনার মাহবুব রশিদ। দায়িত্ব গ্রহণের পরপরই চাঞ্চল্যকর এই চার খুনের মামলার দিকে বিশেষ নজর দিয়ে তিনি মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করলেন।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম