স্টাফ করেসপন্ডেন্ট||ঢাকা||বাতায়ন২৪ডটকম
রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে নিয়ে গভীর রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।
জানা গেছে, রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। একাধিক স্থানে থেমে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দেন। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে চলছে, তা সরাসরি দেখতেই তাঁর এ আকস্মিক পরিদর্শন বলে সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমাতে সেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ কারণেই তিনি রাতে মাঠপর্যায়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোথায় কী ধরনের সমস্যা আছে, তা নিজ চোখে দেখছেন।
এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতের রাজধানী পরিদর্শনে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা হিসেবে সে সিদ্ধান্ত তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বাতায়ন২৪ডটকম/এইচআরবি