সংবাদ শিরোনাম :
কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় জীবন দিয়েছিলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যঃ রেজেকা এমপি   শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবেঃ ডন
অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা

অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর || বাতায়ন২৪ডটকম ||

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জনসাধারণের সুবিধার্থে নির্মিত একটি সরকারি ওয়াশব্লক বে-আইনিভাবে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুজাউদ্দৌলা লিপটন ও ইউপি সচিব (ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা) মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে। সরকারি সম্পদ বিনষ্ট ও প্রকল্পের অর্থ ভিন্ন খাতে ব্যবহারের অভিযোগে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছে কমিটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, করোনাকালে বাহাগিলী ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সরকারি অর্থায়নে একটি আধুনিক ওয়াশব্লক নির্মাণ করা হয়। তবে তা ভেঙে ২০২৫-২৬ অর্থবছরের টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় সেখানে একটি টিনশেড বসার ঘর নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে গত ১৫ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য খলিলুর রহমান। অভিযোগে তিনি সরকারি সম্পদ ধ্বংস ও অর্থ আত্মসাতের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানান।

অভিযোগ প্রাপ্তির দিনেই উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে (উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশল অধিদপ্তর) মো. শরিফুল ইসলামকে আহ্বায়ক, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সদস্য এবং (উপজেলা পরিসংখ্যান তদন্তকারী) মো. মাসুম মিয়া সদস্য সচিব করা হয়।

কমিটিকে নির্দেশনার পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিটির সদস্য সচিব মো. মাসুম মিয়া বলেন, “আমরা সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। সেখানে সরকারি ওয়াশব্লকটি ভেঙে ফেলে নতুন ঘর তোলা হয়েছে।” তদন্তের সার্থে অভিযুক্তদের নিকট কিছু কাগজপত্র চেয়েছি, তা হাতে পেলেই আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করবো।

সরকারি ওয়াশব্লক ভেঙে ফেলার কথা স্বীকার করে চেয়ারম্যান মো. সুজাউদ্দৌলা লিপটন বলেন, “ওয়াশব্লকটি কোনো কাজে লাগছিল না, তাই মানুষের বসার সুবিধার্থে একটা চালা বানিয়েছি।” অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “পানি উন্নয়ন বোর্ড কোটি-কোটি টাকার দুর্নীতি করছে, তাতে কিছু হয় না! আর আমি একটা টিআর প্রকল্পের কাজ করেছি বলেই এতো কথা!”

অন্যদিকে, অভিযুক্ত ইউপি সচিব মো. আবু সুফিয়ানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “ভাই, অফিসে আসেন চা খেতে খেতে কথা বলব। ফোনে কিছু বলতে চাই না।”

অভিযোগকারী ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু বলেন, ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা ও ইউপি সচিব আবু সুফিয়ান পরিকল্পনা করে টিআর প্রকল্পের ১ লাখ ১৯ হাজার টাকার প্রকল্প গ্রহণ করে। ৩০/৩৫ হাজার টাকা খরচ করে বাকি টাকা আত্নসাৎ এর পায়তারা করছেন। তিনি আরও বলেন, ইতিপূর্বেও চেয়ারম্যান সুজাউদ্দৌলা, প্রকৃত দুঃস্থদের বঞ্চিত করাসহ সম্পদশালী ব্যক্তিদের নাম ব্যবহার করেছে। এছাড়াও স্বামী-স্ত্রীর নাম, মৃত্যু ব্যক্তির নাম,অন্য ইউনিয়নের ব্যক্তির নাম এবং একই ব্যক্তির নাম একাধিকবার ব্যবহার করে ভিজিএফের চাল আত্নসাৎ করেছে। এব্যাপারেও আমরা অভিযোগ করেছি সেটা তদন্ত শেষের পথে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান বলেন, অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্ত প্রতিবেদন হস্তান্তরের পর অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরণের প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই এখন তাকিয়ে আছেন স্থানীয় সচেতন মহল।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচ আরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com