হারুন-অর-রশিদ বাবু, রংপুর|বাতায়ন২৪ডটকম
রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম।
বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে।
স্থানীয় ও বাগান মালিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম নিজ উদ্যোগে প্রায় ১বছর আগে ৪৪ শতক জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেঁপের বাগান গড়ে তুলেছিলেন। গাছগুলোতে ফলন আসতে শুরু করেছিল। বুধবার রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে এক এক করে প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে সাবাড় করে দেয়। বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে সব গাছ কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম বলেন, “আমার স্বপ্নের বাগানের ৪১০টি গাছ এক রাতের মধ্যেই শেষ করে দিল দুর্বৃত্তরা। এতে আমার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
ঘটনার পর পরই ন্যায়বিচার চেয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, পেঁপে গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এইচআরবি /বাতায়ন২৪ডটকম