স্টাফ করেসপন্ডেন্ট| ঢাকা| বাতায়ন২৪ডটকম
ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত দিন গোনা এবং লোডশেডিং ব্যবস্থাপনা করা ছাড়া আপাতত কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি অনলাইন সেমিনারে যুক্ত হয়ে তিনি এ কথা জানান। দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটে নাকাল জনজীবনের মধ্যে মন্ত্রীর এমন বক্তব্যে চরম হতাশার আভাস মিলেছে।
এফএসআরইউর বিদ্যমান ত্রুটি সারানোর বিষয়ে মন্ত্রী বলেন, “এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরইউতে, এটা করা ছাড়া আমার কিছু (করার) নাই।”
বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, “আর কিছু ম্যানেজমেন্ট করা, যেন কম লোডশেডিং হয়, আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি—এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কী থাকতে পারে।”
দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় সরকারের পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে তিনটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।
উল্লেখ্য, ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় সারা দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। যার ফলে শিল্পকারখানা থেকে শুরু করে সাধারণ বাসাবাড়িতে তীব্র লোডশেডিং ও গ্যাস সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের সীমাবদ্ধতার কথাই প্রকাশ পেল মন্ত্রীর বক্তব্যে।
এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/ঢাকা