স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম
একটি ছোট্ট চিঠিই বদলে দিল রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিজয়ী এই খুদে সংগীতশিল্পীর ঝুলিতে যুক্ত হলো জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় এক মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগের পাশাপাশি তাঁরই হাত থেকে উপহার হিসেবে পেল কাঙ্ক্ষিত একটি হারমোনিয়াম।
গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এক কর্মকর্তার মাধ্যমে একটি চিঠি পাঠায় অনুশ্রী। চিঠিতে সে সংগীতের প্রতি নিজের টান, পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে হারমোনিয়াম কিনতে না পারার আকুতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা ব্যক্ত করে।
চিঠিটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় গঙ্গাচড়ার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পরম স্নেহে অনুশ্রীর গানচর্চার খোঁজখবর নেন, নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন এবং তার কাঙ্ক্ষিত হারমোনিয়ামটি নিজ হাতে তুলে দেন। উপহার পেয়ে অনুশ্রী সেখানে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দোলা সুজন এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছেন।
চিঠির এমন দ্রুত সাড়ায় উচ্ছ্বসিত অনুশ্রী জানায়, প্রধানমন্ত্রী তার চিঠি পড়ে সাক্ষাতের ডাক দেবেন তা সে ভাবতেও পারেনি। অনুশ্রীর বাবার মতে, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক উদ্যোগের গল্প শুনে অনুপ্রাণিত হয়েই অনুশ্রী চিঠিটি লিখেছিল, যা আজ তাদের পুরো পরিবারের জন্য এক অবিস্মরণীয় স্মৃতিতে পরিণত হয়েছে।
উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অনুশ্রী রায় দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রাখে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম