স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার দফাদার জমশেদ আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে তাঁর পরিবারের জন্য পাঠানো হয়েছে তিন লাখ টাকা আর্থিক সহায়তা। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নিহত জমশেদ আলীর বাড়িতে যান ইউএনও। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক এবং বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশ নিতে ৭ নভেম্বর বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য রওনা হন। তাঁদের মধ্যে ছিলেন লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জমশেদ আলী।
সকাল সাড়ে ৯টার দিকে মহাসমাবেশস্থলের প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। নিহতের লাশবাহী গাড়ির সঙ্গে একজন প্রতিনিধির মাধ্যমে ওই অর্থ পাঠানো হয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে শনিবার রাতেই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় দফাদার জমশেদ আলীর দাফন সম্পন্ন হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম