স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে স্বস্তির পথে রংপুর নগরীর বোতলাপাড়াবাসী। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। অবশেষে সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও স্বস্তি।
রংপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বোতলাপাড়া এলাকায় দোলনের বাড়ি থেকে সুনীল কুমারের বাড়ি পর্যন্ত ৪৬৬ মিটার দীর্ঘ আরসিসি ঢালাই সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এ কাজের উদ্বোধন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তাঁদের দৈনন্দিন চলাচলে নানা দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই সমস্যার মুখে পড়তে হতো এলাকাবাসীকে। বিশেষ করে প্রতিদিনের প্রয়োজনীয় কাজে চলাচলের ক্ষেত্রে সড়কটির দুরবস্থা ছিল বড় ভোগান্তির কারণ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও উন্নয়নের প্রত্যাশায় ছিলেন তাঁরা।
এবার সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় সেই ভোগান্তির অবসানের আশা করছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, নির্মাণকাজ সম্পন্ন হলে চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং দৈনন্দিন যাতায়াতে ফিরে আসবে স্বাভাবিক গতি।
সড়ক নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।
সাংবাদিক ও বিএনপি নেতা সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা ছালেকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রংপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে তিনটি প্যাকেজে বিভিন্ন সড়কের নির্মাণকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বোতলাপাড়ার এই সড়কটি দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, যথাসময়ে মানসম্মত নির্মাণকাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি পেছনে ফেলে স্বস্তির পথে এগিয়ে যাবে বোতলাপাড়া।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম