স্টাফ করেসপন্ডেন্ট|| রংপুর ||বাতায়ন২৪ডটকম||
রংপুরের গঙ্গাচড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনলাইন জুয়া খেলা ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ভিসা প্রতারণায় ব্যবহৃত ১০ পাতা কাগজপত্র জব্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে রংপুরের গঙ্গাচড়া মডেল থানার খলেয়া ইউনিয়নের শলেয়াহশাহ বাজারসংলগ্ন লালচাঁদপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর গ্রামের শিমুল ইসলাম (৩৩) ও উত্তর হাজীপুর ডাঙ্গাপাড়া গ্রামের লিটন কবির (৩১)।
জেলা পুলিশের দাবি, অভিযানের সময় তাঁরা স্থানীয় একটি চায়ের দোকানের সামনে মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করছিলেন। একই সঙ্গে তাঁদের কাছে ভিসা প্রতারণায় ব্যবহৃত কাগজপত্র পাওয়া যায়। পরে তাঁদের দেহ তল্লাশি করে শিমুল ইসলামের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি খোলা সিম কার্ড ও ভিসা প্রতারণায় ব্যবহৃত ১০ পাতা কাগজপত্র জব্দ করা হয়। লিটন কবিরের কাছ থেকেও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে অনলাইন জুয়ার একাধিক ওয়েবসাইট ও অ্যাপের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে baji777.live, betlili365.vip, bk333.app, mcwcasino.fun, 1111bet, 99xo.game ও supperbaji.club-সহ কয়েকটি প্ল্যাটফর্ম।
পরে গ্রেপ্তার দুজনকে জব্দ করা আলামতসহ গঙ্গাচড়া মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ২৪, ২৫ ও ২৭ ধারা এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস দমন ও সম্মানিত নাগরিকগণের জানমালের নিরাপত্তায় রংপুর জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম