বেরোবি করেসপন্ডেন্ট| বাতায়ন২৪ডটকম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল নেতা সজিব মিয়া ও সামিউল ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত এই স্মারকলিপি জমা দেন তারা।
তাদের দুই দফা দাবি হলো-বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেট (১নং গেট) রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নষ্ট হয়ে যাওয়া লাইটগুলো মেরামত করতে হবে ।
স্মারকলিপিতে বলা হয়, শহীদ আবু সাঈদ গেট প্রতিদিন রাত ৮টায় বন্ধ করে দেওয়া হয়। ফলে গেট সংলগ্ন সড়কের পাশে অবস্থান করা বড় অংশের শিক্ষার্থী রাত ৮টার পর গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে লাইব্রেরি, ল্যাব, একাডেমিক কিংবা প্রয়োজনীয় কাজে অংশ নিয়ে রাতে ফেরার সময় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন রাস্তার অনেক লাইট দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। ফলে রাতে ক্যাম্পাসের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা, নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে নষ্ট লাইটগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন ।
ছাত্রদল নেতা সামিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের বিষয়টি বিবেচনা করে আমরা এসব দাবি জানিয়েছি। কারণ অনেক শিক্ষার্থী একাডেমিক ও প্রয়োজনীয় কাজ শেষে রাতে ক্যাম্পাসে আসা-যাওয়া করেন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন সড়কের নষ্ট লাইটের কারণে রাতে অন্ধকার পরিবেশ তৈরি হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। তাই দ্রুত নষ্ট লাইটগুলো মেরামত এবং গেট খুলে রাখার সময়সীমা বাড়ানোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের সহ সভাপতি মোঃ সজিব মিয়া বলেন, শহীদ আবু সাঈদ গেট রাত ৮টায় বন্ধ হওয়ায় সর্দার পাড়াসহ আশেপাশের মেসে থাকা সাধারণ শিক্ষার্থীদের চরম সময়ের অপচয় হচ্ছে । পাশাপাশি নষ্ট লাইটের কারণে অন্ধকারে পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীরাই ভোগান্তিতে পড়ছেন। এসব নিরসনে গেট রাত ১০টা পর্যন্ত খোলা ও লাইট মেরামতের দাবিতে আজ আমরা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি। প্রশাসন আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে শুনে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন, আমরা আশাবাদী যে খুব শীঘ্রই শিক্ষার্থীরা এর সুফল পাবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম