নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রী ও পণ্যবাহী একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে ঘাটে ফিরিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদকে ওই ফেরিতে তোলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে।
বাতয়ন২৪ডটকম ।। ১২ জুলাই ২০২৬
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টায় ফেরি মহানন্দা যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছান। তখন ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূরে চলে গিয়েছিল।
অভিযোগ রয়েছে, পরে এমপিকে নেওয়ার জন্য ফেরিটি মাঝপথ থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এরপরেই তাকে এবং তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেরিটি দ্বিতীয়বারের মতো নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ ঘটনায় ফেরিতে থাকা অনেক যাত্রীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েকজন যাত্রী এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।
ঘাটের ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বিকেল সাড়ে ৩টায় ফেরি ছাড়ার প্রায় ২০ মিনিট পর এমপিকে নিতে সেটি আবার ঘাটে ফিরিয়ে আনা হয়।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, ফেরি ছাড়ার পর সংসদ সদস্য ফেরি কর্তৃপক্ষের ম্যানেজারকে ফোন করেন। পরে ম্যানেজারের নির্দেশে ফেরিটি ঘাটে ফিরিয়ে এনে তাকে ওঠানো হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এমপি আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সরকারি কাজেই তার জরুরি ভিত্তিতে হাতিয়া যাওয়া প্রয়োজন ছিল। ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং তিনি ফেরি ছাড়ার এক মিনিটের মধ্যেই ঘাটে পৌঁছেছিলেন। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে দাবী করেছেন তিনি।
বাতায়ন২৪ডটকম।। ইসলাম