স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
উত্তরাঞ্চলের ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের দক্ষতা উন্নয়ন এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা ‘RE:FRAME 2026’।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত রংপুরের চিকলী ওয়াটার পার্কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ভিডিও নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেন ‘ওয়েডিং ডায়েরি’র ফটোগ্রাফি মেন্টর সাজিব পল এবং সিনেমাটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেন ‘আদম সুরত’-এর সিনেমাটোগ্রাফি মেন্টর এমডি ইশরাক ভূঁইয়া। তাঁরা অংশগ্রহণকারীদের ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির বিভিন্ন কৌশল, ক্যামেরা পরিচালনা, কম্পোজিশন, লাইটিং এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশের প্রোডাক্ট স্পেশালিস্ট (ডিজিটাল ইমেজিং) আহসানুল কবির পল্লব, সনি হেডকোয়ার্টারের মার্কেটিং বিভাগের কোয়ো ইকেদা এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশের কান্ট্রি হেড জশুয়া কুইক। তাঁরা অংশগ্রহণকারীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ইমেজিং প্রযুক্তি ও সৃজনশীল কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।
‘Rethink, Recreate, Reimagine’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালার মাধ্যমে উত্তরাঞ্চলের ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সংশ্লিষ্ট সৃজনশীল ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং একটি শক্তিশালী সৃজনশীল কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজক মনিন রায় বলেন, “উত্তরাঞ্চলের ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের জন্য একটি মানসম্মত প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, এ অঞ্চলের সৃজনশীল মানুষরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পান। RE:FRAME 2026 সেই লক্ষ্য বাস্তবায়নের একটি উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”

আয়োজক শিমুল হোসাইন বলেন, “ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি শুধু ছবি বা ভিডিও ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সৃজনশীলতা, গল্প বলার দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান জড়িত। অভিজ্ঞ মেন্টর এবং সনি বাংলাদেশের প্রতিনিধিদের একসঙ্গে পেয়ে অংশগ্রহণকারীরা নতুন কিছু শেখার সুযোগ পেয়েছেন। আমরা বিশ্বাস করি, এ কর্মশালা উত্তরাঞ্চলের ভিজ্যুয়াল ক্রিয়েটিভ কমিউনিটিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”
অংশগ্রহণকারী মো. আবুল খায়ের জায়ীদ বলেন, “RE:FRAME 2026 ছিল আমাদের জন্য দারুণ একটি শেখার অভিজ্ঞতা। ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি নিয়ে অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে সরাসরি শেখার পাশাপাশি সনি বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। বিশেষ করে ক্যামেরার কারিগরি দিক, সৃজনশীলতা এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিং নিয়ে নতুন অনেক কিছু জানতে পেরেছি। এ ধরনের আয়োজন উত্তরাঞ্চলের তরুণ ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।”
সনি বাংলাদেশের প্রেজেন্টেশনে, ডিজিটাল শপের স্পন্সরশিপে এবং রংপুর ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ক্রিয়েটরস অ্যাসোসিয়েশনের (RWPCA) আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম