মোস্তাফিজুর রহমান|| উপজেলা করেসপন্ডেন্ট||বদরগঞ্জ, রংপুর||
রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রাজিউর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার টেক্সেরহাট এলাকার ৬ নং রেলগেট সংলগ্ন রেলওয়ের ৩৮৮/৬-৮ কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিউর রহমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড় দক্ষিণপাড়া গ্রামের আতিকুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬২ নং কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই রাজিউরের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নেশায় আসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনার পর পরিবারের স্বজনরা মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে যান। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ জানতে পেরে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলের আসছে বলে জানা গেছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু হয়েছে।মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম