স্টাফ করেসপন্ডেন্ট|| রংপুর ||বাতায়ন২৪ডটকম ||
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নৃশংস হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত সাংবাদিকদগণ।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
বেরোবি সাসের সভাপতি আবু সাঈদ বলেন, গতকাল রাবিতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর ছাত্রদলের নেতাকর্মীরা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা অত্যান্ত নিন্দনীয়। আমরা মনে করি, সাংবাদিকদের উপর হামলা করা মানে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত করা। সাংবাদিকদের গলা চেপে ধরা মানে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কন্ঠরোধ করার চেষ্টা করা। এছাড়া বিনাকারণে হামলা করা শাস্তিযোগ্য অপরাধ। তাই আমরা এই হামলার দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং জড়িত প্রত্যেককে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম বলেন,গলা চেপে ধরে ও মাথায় আঘাত করে যেভাবে হামলা চালানো হয়েছে, তা ন্যক্কারজনক। ঘটনাস্থলে প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরও যদি পুলিশ না থাকায় তাঁরা সরে যান, তাহলে আমরা আসলে কোন রাষ্ট্রে আছি? জড়িতদের এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্যাম্পাসে এ ধরনের ঘটনা না ঘটে।”
বেরোবিসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলক বলেন, “সাংবাদিকদের কলম হামলা-মামলা করে থামানো যায় না। সাংবাদিকরা কোনো দলের পক্ষে নন; তাঁরা অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে চাইলে গণমাধ্যমকে টার্গেট করে। কারণ গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করতে পারলেই তাদের স্বার্থ হাসিলের পথ সহজ হয়।”
মানববন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কারুজ্জামান পুলক,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের জায়েদ, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান, বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম, সাধারণ সম্পাদক সাকিব সরকারসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম