করেসপন্ডেন্ট ||বদরগঞ্জ||রংপুর ||বাতায়ন২৪ডটকম
রংপুরের বদরগঞ্জে খোলহাটি কুটির শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষ্যে আয়োজিত বিতর্কিত লটারির টিকিট মেলার বাইরে বিক্রির অপরাধে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ওসমানপুর রোডে লটারির টিকিট বিক্রি করার সময় তাকে পুলিশ আটক করে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জহুরুল ইসলাম। তিনি উপজেলার জামুবাড়ী সরদারপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লটারির টিকেট মেলার সীমানার বাইরে বিক্রি না করার বিষয়ে উপজেলা প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনা ছিল। তবে এই নির্দেশনা অমান্য করে জহুরুল প্রকাশ্যে ওসমানপুর রোডে লটারির টিকিট বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিকে হাজির করা হলে বিচারক জুয়া আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পরপরই পুলিশ তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মেলার বাইরে লটারির টিকিট বিক্রি করায় তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা অনুযায়ী তাকে কারাগারে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোস্তাফিজুর/বাতায়ন২৪ডটকম/এইচআরবি