স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম
“সচেতন হই, প্রতিবাদ করি,মাদক, জুয়া ও চুরি মুক্ত সমাজ গড়ি”, এই স্লোগানকে সামনে রেখে পীরগাছায় এক ঝাঁক স্বপ্নবাজ তরুণদের নিয়ে সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের আলো’।
৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে সংগঠনের উদ্যোগে দেউতি বাজারসহ পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন ও পারুল গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং সামাজিক ব্যাধি মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে সোচ্চার হতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়। একই সাথে সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গণপরিবহন ও যানবাহনগুলোতে মাদকবিরোধী স্টিকার লাগানো এবং বাজারের জনবহুল স্থানে সচেতনতামূলক পোস্টারিং সম্পন্ন করা হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ‘তারুণ্যের আলো’। বিনামূল্যে রক্তদান, স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, গৃহহীন অসহায় মানুষকে ঘর তৈরি করে দেওয়া সহ নানা ইতিবাচক কাজে সংগঠনটির সক্রিয় অংশগ্রহণ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

সংগঠনটির সভাপতি তাসনিমুল হাসান নাঈম বলেন,”আমাদের আজকের এই উদ্যোগ কেবল দেউতি বাজারে পোস্টার বা স্টিকার লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়; এটি অপরাধমুক্ত, সুন্দর ও শান্তিময় সমাজ গড়ার একটি সুস্পষ্ট বার্তা। তরুণদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতাই আমাদের মূল শক্তি। আমাদের সমাজ থেকে মাদক, জুয়া ও চুরির মতো ব্যাধিগুলো উপড়ে ফেলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সোচ্চার হতে হবে। তরুণ সমাজ জেগে উঠলে কোনো সামাজিক অপরাধই টিকে থাকতে পারে না।”
সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন,”সংগঠনের নিবেদিতপ্রাণ ও সাহসী তরুণদের অক্লান্ত পরিশ্রম ও সক্রিয় উপস্থিতির কারণেই আজকের এই শুভ কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি, তরুণদের ইতিবাচক পদক্ষেপই পারে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। এলাকার সার্বিক কল্যাণে আমাদের এই মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
উক্ত সচেতনতামূলক অভিযানে সংগঠনের সভাপতি মোঃ তাসনিমুল হাসান নাঈম ও সাধারণ সম্পাদক মুরাদ হাসান ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সনেট মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ বিজয়, কোষাধ্যক্ষ মোঃ রিদয়সহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যরা।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম