স্টাফ করেসপন্ডেন্ট||সিলেট||বাতায়ন২৪ডটকম
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সবকটি নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে গিয়ে দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে প্রায় সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। সংসদীয় বাজেটে এ বাবদ বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। তবে কোন নির্বাচনটি আগে বা পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলত আগস্ট মাস শেষে অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সমন্বয়ে বৈঠকের পর সময়সূচি নির্ধারণ করা হবে। সরকারের লক্ষ্য অনুযায়ী চলতি অর্থবছরের মধ্যেই ৫টি নির্বাচন সম্পন্ন করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাঁর দেশে ফেরার সুযোগ নেই। আর তিনি দেশে ফিরলে আইনগতভাবেই গ্রেপ্তার হতে হবে। ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে আদালতের রায় হয়েছে, যা কার্যকর করতে তাঁকে কারাগারে যেতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনকালে সিসিকের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্টের অগ্রগতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। তিনি সিলেট সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও খাল পুনরুদ্ধার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সিসিককে অন্যান্য সিটি করপোরেশনের চেয়ে এগিয়ে রাখেন।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগ ও সিসিকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম