স্টাফ করেসপন্ডেন্ট|| রংপুর||বাতায়ন২৪ডটকম
আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রধান নদীগুলোর মধ্যে বর্তমানে কেবল কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকা সংলগ্ন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা-এই পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
এ ছাড়া অন্যান্য কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা বা সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে সাময়িকভাবে প্লাবিত হতে পারে নিম্নোক্ত জেলাগুলোর নিম্নাঞ্চল, সুরমা-কুশিয়ারা অববাহিকা সিলেট ও সুনামগঞ্জ। ধরলা অববাহিকা-লালমনিরহাট ও কুড়িগ্রাম। সোমেশ্বরী ও ভুগাই-কংস অববাহিকা-শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।
আশঙ্কাজনক এলাকার নদীসংলগ্ন অধিবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম