স্টাফ করেসপন্ডেন্ট|| চুয়াডাঙ্গা|| বাতায়ন২৪ডটকম ||
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৭৬/৪ এস সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা এ চেষ্টা করে।
পরে বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুশ ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও পাঁচ বছর বয়সী একটি শিশু ছিল। তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহল দল তাদের শনাক্ত করে এবং সীমান্ত অতিক্রমে বাধা দেয়।
পরে ওই পাঁচজনকে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করিয়ে রাখা হলে বিএসএফ তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এতে অবৈধ পুশ ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি