সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে সংঘবদ্ধ চোরচক্রের হানা, আটক এক যুবক রংপুরে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষকের সঙ্গে তিন মাসে ১১৮ বার ফোনালাপের তথ্য ডিবির সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, ভয়াবহ ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ রংপুরে আদালতের চূড়ান্ত ডিক্রির পরও জমির দখল না পাওয়ার অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে র‍্যালি ও সমাবেশ রংপুরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় সমালোচনার মুখে জামায়াত গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন, সভাপতি জাহিদ , সাধারন সম্পাদক খিজির ও সাংগঠনিক সম্পাদক শামীম নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী
সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে সংঘবদ্ধ চোরচক্রের হানা, আটক এক যুবক

সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে সংঘবদ্ধ চোরচক্রের হানা, আটক এক যুবক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা জোলারঘাট এলাকায় গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফরমারের তামা চুরির সময় স্থানীয় জনতার হাতে এক যুবক আটক হয়েছেন। পরে তাকে গণপিটুনির পর সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে চোরচক্রের আরও তিন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

বাতয়ন২৪ডটকম।। নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা (সুন্দরগঞ্জ) ।। ১ জুলাই ২০২৬

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চার সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত দুটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা খুলে নেওয়ার চেষ্টা চালায়। তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় চোরচক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মনির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এলাকাবাসীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারের তামা চুরি করে আসছে। প্রতিটি ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সম্পদ এবং চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ গ্রাহকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলে নতুন ট্রান্সফরমার স্থাপন কিংবা মেরামত করতে কয়েকদিন সময় লাগে। ফলে বিদ্যুৎহীন অবস্থায় কৃষি সেচ, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।

তাদের অভিযোগ, একের পর এক একই ধরনের ঘটনা ঘটলেও চোরচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত পলাতক তিন সদস্যকে গ্রেপ্তার, চোরচক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত রাতের টহল জোরদার এবং ট্রান্সফরমারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, “স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “স্থানীয়দের মাধ্যমে আটক এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে একের পর এক ট্রান্সফরমারের তামা চুরির ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাতায়ন২৪_মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com