বাতায়ন২৪ডটকম || দিনাজপুর প্রতিনিধি || ২০ এপ্রিল ২০২৬
দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি পুড়ে যাওয়ার পর ঘরের মেঝে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নিয়ন্ত্রণের পর বাড়ির ভেতরে তল্লাশি চালানোর সময় ঘরের মেঝেতে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুর ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে ঘর তল্লাশি করে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
এদিকে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, “অগ্নিকাণ্ডে দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।