স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের উপস্থিতিতে এক কর্মকর্তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের শীর্ষ চার নেতাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তবে একই ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ও কর্মকর্তা রেজাউল ইসলাম লাবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া বিএনপিপন্থী কর্মকর্তাদের অভিযোগ, আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের পুনর্বাসনের অংশ হিসেবে বর্তমান উপাচার্য তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এম শওকাত আলী।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ড. রোকনুজ্জামান, সহসভাপতি ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সহসাধারণ সম্পাদক ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম তারেক।
উপাচার্য অধ্যাপক ড. এম শওকাত আলী বলেন, আমার রুমে বিধিবহির্ভূতভাবে প্রবেশ করে একজন কর্মকর্তাকে মারপিট করা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা লিখিত অভিযোগ দিলে আমরা একটি তথ্যানুসন্ধান কমিটি করি। এরপর সেটি ১২৪তম সিন্ডিকেট সভায় কমিটির প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট পাওয়া যায়। সিন্ডিকেট সভায় এটি এজেন্ডাভুক্ত হলে অভিযুক্ত চার কর্মকর্তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কক্ষে তার উপস্থিতিতে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান ও সনদ জালিয়াতির অভিযোগে তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা প্রভাষক মোহাম্মদ ইউসুফের মধ্যে বচসা হয়। এ সময় বাংলা বিভাগের উপ-রেজিস্ট্রার রফিকুল ইসলাম কথা বলেন।
অভিযোগ অনুযায়ী, এ সময় ওই চার কর্মকর্তাসহ রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী রেজিস্ট্রার রেজাউল ইসলাম লাবু রফিকুল ইসলামকে মারধর করেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্রলীগকে হেলমেট সরবরাহের দায়ে লাবু অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। মারধরের একপর্যায়ে ফুলের টব ও কাচের বোতল দিয়ে আঘাত করে রফিকুল ইসলামের মাথা ফাটিয়ে দেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসা শেষে ভুক্তভোগী কর্মকর্তা লিখিতভাবে বিষয়টির প্রতিকার চান। তার অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে ওই ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা কর্মকর্তা রেজাউল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শুধু বিএনপিপন্থী কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী বাংলা বিভাগের উপ-রেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, আমি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছিলাম ৫ জনের ব্যাপারেই তাদের কার কি ভূমিকা ছিল আমারে মারধরের ব্যাপারে। কিন্তু প্রশাসন কেন শুধু ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলো। সেটা তারাই বলতে পারবেন। আমি চাই এটার ন্যায়সংগত বিচার। যারা জড়িত সবাইকে সেই বিচারের আওতায় আনা হোক।
সাময়িক বরখাস্ত হওয়া জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ড. রোকনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার জন্য বিএনপিপন্থী কর্মকর্তাদের বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। ওইদিন সেখানে আওয়ামীপন্থী কর্মকর্তারা আমাদের ওপর চড়াও হয়েছেন। তার মধ্যে একজন শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে জড়িত কর্মকর্তাও ছিলেন। কিন্তু ভিসি তাদের বাঁচিয়ে দিয়েছেন। সব বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
ড. রোকনুজ্জামানের অভিযোগ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এম শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিন্ডিকেট তথ্যানুসন্ধান প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার কোনো একক সিদ্ধান্ত নয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম