সংবাদ শিরোনাম :
বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী
১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রংপুরের কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার ১১০ বছর পূর্ণ করেছে। গৌরবময় এই পথচলার মাইলফলক উদ্‌যাপনে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়। নবীন-প্রবীণ শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কলেজের জি.এল. হোস্টেল মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক মো. আবু সায়েম।

আলোচনা সভায় বক্তারা বলেন, কারমাইকেল কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ ১১০ বছর ধরে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের মানুষের উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তারা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ এবং ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে কারমাইকেল কলেজের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবু সায়েম বলেন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ উপমহাদেশের নানা ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী কারমাইকেল কলেজ। ১১০ বছরের এই গৌরবময় পথচলা প্রতিষ্ঠানটির জন্য অনন্য অর্জন। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।

দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে বিকেলে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও ব্যান্ড সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এটি ‘উত্তরের অক্সফোর্ড’ হিসেবে পরিচিত।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com