স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং দলটির ডাকা ধর্মঘট প্রতিহতের ঘোষণা দিয়ে রংপুরে মোটরসাইকেল র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর এনসিপির রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিহত, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা।
রংপুর পাবলিক লাইব্রেরির শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে ডিসির মোড়, ব্যাংকের মোড়, ধাপ, মেডিকেল মোড়, চেকপোস্ট, সার্কিট হাউস, জিলা স্কুল, পৌরবাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, জীবন বীমা মোড় ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন। সেই আন্দোলনের অর্জন নস্যাৎ করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। রংপুরে ধর্মঘট বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবেন।
এনসিপি নেতা শান্তি কাদেরী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। পেট্রোল হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
এনসিপি নেতা মো. সুমন মিয়া অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের অনুসারীরা বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বোমা হামলার চেষ্টা ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, সরকারি দলের কিছু নেতা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নেতারা বলেন, নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আসিফ মাহমুদদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এগিয়ে নেওয়া হয়েছে। দেশে নতুন করে কোনো স্বৈরাচারী শক্তির উত্থান হতে দেওয়া হবে না।
র্যালিতে উপস্থিত ছিলেন এনসিপির রংপুর জেলা সদস্য সচিব আবু রেজা মো. আব্দুল্লাহ, মহানগরের সাবেক সদস্যসচিব আবুল মালেক, শান্তি কাদেরী, যুগ্ম সদস্যসচিব মহসীন আলী বকসী ও আল আমিন, শরীফ রেজা, সাংগঠনিক সম্পাদক এমআই সুমন, তৌহিদুল ইসলাম ও রিফাত চৌধুরী।
এ ছাড়া রংপুর সদর উপজেলা আহ্বায়ক কৃষ্ণ চন্দ্র বর্মণ স্বাধীন, সদস্যসচিব কামরুজ্জামান, গঙ্গাচড়া উপজেলা সদস্যসচিব শাহিনুর ইসলাম, তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্যসচিব সিরাজুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা আহ্বায়ক আব্দুল বাসেত মারজান ও সদস্যসচিব হারুনুজ্জামান হারুন, পীরগঞ্জ উপজেলা আহ্বায়ক রাকিবুল ইসলাম ও সদস্যসচিব মোতাব্বেরুল ইসলাম, কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, পীরগাছা উপজেলা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল এবং বদরগঞ্জ উপজেলা আহ্বায়ক রুহুল আমিন ও সদস্যসচিব এম এ মোমেন সেতুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম