স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান।
প্রধান অতিথির বক্তব্যে আজম খান বলেন, “১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আধিপত্যবাদী শক্তির দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ই নভেম্বরের চেতনা চিরকাল দেশপ্রেমিক জনগণকে প্রেরণা জুগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির যে কোনো ক্রান্তিলগ্নে আপসহীন ভূমিকা পালন করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সকল প্রকার অন্যায়, বৈষম্য ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই আজকের দিনের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল-আমিন হাসান, রংপুর মহানগরীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওসার আলী এবং কোতোয়ালি থানা আমীর গোলাম কিবরিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ৭ই নভেম্বরের সঠিক ইতিহাস ও তাৎপর্য সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম