হারুন-অর-রশিদ বাবু||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রাজধানী ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশ থেকে নিখোজ হয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার গ্রাম পুলিশ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক (৫০)। সমাবেশ শেষে নামাজ পড়তে গিয়ে সহকর্মীদের বহনকারী বাস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোন। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে তার পরিবার।
নিখোজ আবু বক্কর সিদ্দিক মিঠাপুকুর উপজেলার ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত গ্রাম পুলিশ সদস্য (দফাদার) তার বাড়ি একই ইউনিয়নের তেতুলিয়া গ্রামে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশ নিতে তিনি রংপুরের মিঠাপুকুর থেকে সহকর্মীদের সঙ্গে বাসযোগে ঢাকায় যান। সমাবেশ শেষে ফেরার পথে তিনি নামাজ পড়তে যান। এ সময় তাকে ছাড়াই বাসটি অন্য সদস্যদের নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়। পরে তিনি আর বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোজ আবু বক্কর সিদ্দিকের বয়স ৫০ বছর। তাঁর গায়ের রং শ্যামলা থেকে ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোজ হওয়ার সময় তার পরনে গ্রাম পুলিশ মহাসমাবেশের নির্ধারিত নীল রঙের পোশাক ছিল।
পরিবার জানিয়েছে, তিনি স্ট্রোকের রোগী। স্বভাবগতভাবে বেশ গম্ভীর প্রকৃতির হওয়ায় অপরিচিত মানুষের সঙ্গে সহজে কথা বলেন না। ফলে তাঁর শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা বেশি উদ্বিগ্ন।
কেউ তার সন্ধান পেয়ে থাকলে অথবা ঢাকার তেজগাঁও, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ফার্মগেট ও আশপাশের এলাকায় তাকে দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৮৬-৮৩২৪০০ (ছেলে), ০১৭৬২-৯৩৩৬০৮ (ইউনিয়ন চেয়ারম্যান), ০১৩১৪২৭৬৯২৭।
নিখোজ গ্রাম পুলিশ সদস্যের সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম