স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান (৩৫) ও তার সহযোগী মশিউর রহমানকে (২০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
মাদার হাটের পান দোকানী কামরুল ইসলাম জানান, মাদারহাট এলাকায় সন্দেহজনক অবস্থানে থাকা মশিউর রহমানকে প্রথমে আটক করেন এলাকাবাসী। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান মিজানকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, মাদক কারবারি যুবদল নেতার কাছ থেকে স্থানীয় মাদককারবারিদের নামসহ একটি মাদক বিক্রির হিসাবের কাগজ উদ্ধার করা হয়েছে। পরে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে নিজেদের হেফাজতে নেয়।
আটক মিজানুর রহমান মিজান মাদারহাট গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে। অপর আটক মশিউর রহমান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের দাবি, মিজানুর রহমান মিজান ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তারা আরও অভিযোগ করেন, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস বলেন, তিনি যদি দলের সঙ্গে যুক্ত থাকেন এবং এ ধরনের কোনো অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করে, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম