সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি রংপুর রেঞ্জ কাবাডিতে চ্যাম্পিয়ন দিনাজপুর ও লালমনিরহাট রংপুরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা ‘RE:FRAME 2026’ অনুষ্ঠিত ভূমিহীনদের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি গড়ার আহ্বান হাসনাত কাইয়ুমের রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আদালতের টিমের পরিদর্শনে ফের হাতাহাতি, ‘ইন্ডিয়া চলে যাওয়ার’ হুমকি কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাপ জব্দ সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ
উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি

উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি

রংপুরে ৭-৮ গণমাধ্যমকর্মীকে আটকে রেখে গালিগালাজ, মারধর ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা!

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদার ও অভিযানবিরোধীদের হামলা, হেনস্তা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন অন্তত আটজন গণমাধ্যমকর্মী। এ সময় তাঁদের ঘেরাও করে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর এমন হামলা ও হেনস্তার ঘটনায় রংপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর কলেজ রোডের খামার মোড় থেকে লালবাগ রেলক্রসিং পর্যন্ত সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রংপুর সিটি করপোরেশন। এ সময় অভিযানের সংবাদ সংগ্রহ ও ভিডিও চিত্র ধারণ করতে গেলে উচ্ছেদে বাধা সৃষ্টিকারী কয়েকজন হকার ও দখলদার গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন।

ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, সময় টেলিভিশনের রেদওয়ান হিমেল, খবরের কাগজের সেলিম সরকার, আজকের পত্রিকার নূর মোহাম্মদ, আগামীর সময়ের লিজেন আহমেদ প্রান্ত, বার্তা২৪ ডটকমের নভেল চৌধুরী, আরএনবি নিউজের মাহজাবিন মৌ ও আমাদের প্রতিদিনের শরিফুল ইসলাম সুমন। তাঁদের ঘেরাও করে আটকে রাখা, অশ্লীল ভাষায় গালিগালাজ, হেনস্তা ও মারধরের চেষ্টা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সাংবাদিকদের নিরাপত্তায় তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকেও বিষয়টি অবহিত করেন সাংবাদিকরা। তবে তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিলেও পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সব ধরনের বাধা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সিটি করপোরেশন।

অভিযান পরিচালনাকারী রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গত এক মাস ধরে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চলছে। যেসব সড়ক ও ফুটপাত এখনো অবৈধ দখলে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, হাইকোর্টের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের দোকানপাট, খাটাল কিংবা পসরা বসানোর সুযোগ নেই। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বা স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। জনদুর্ভোগ কমানো এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসন ও সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এদিকে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com