স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
কুড়িগ্রাম সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ২০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ও ধারিয়ারপাড় সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। রাত ৬টা ৫০ মিনিটে অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ ধারিয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করে বিজিবির টহলদল।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৫০ টাকা। এসব মাদকের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম