স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। এ উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া লিপন, উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল ও নাহমুদুল হক রাসেল, উপজেলা যুবদলের সদস্যসচিব আলম জামান মিন্টু এবং পৌর যুবদলের সদস্যসচিব আবু সোলাইমান লিচুসহ অন্যান্য নেতারা।
আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিলসহকারে অংশ নেন। তাঁদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শেখ হাসিনার শাসনামলকে ফ্যাসিবাদী শাসন হিসেবে সমালোচনা করে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয় এবং নেতাকর্মীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সংগঠন বিএনপির যুবসংগঠন হিসেবে দেশের তরুণদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে দলটির নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে আসছেন।
যুবসমাজকে সংগঠিত করা, নেতৃত্বের বিকাশ ঘটানো এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা যুবদলের অন্যতম সাংগঠনিক গুরুত্ব হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম