স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ মো. রঞ্জু আহমেদ রাশেদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার রাশেদের বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহানগরীর কোতোয়ালী থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের সিটি কাঁচাবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, অভিযানে রাশেদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রাশেদ রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন খোর্দ্দ রংপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. মন্টু মিয়া এবং মাতার নাম মোছা. রঞ্জিনা বেগম।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম