মোস্তাফিজুর রহমান||উপজেলা করেসপন্ডেন্ট||বদরগঞ্জ,রংপুর||
ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকার পাড়া গ্রাম থেকে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. আ.ফ.ম. মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ৩৬ লাখ ৮৬ হাজার টাকা অর্থদণ্ড এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বদরগঞ্জ থানার এএসআই জুয়েল ইসলাম তাঁকে গ্রেফতার করে ঢাকা থেকে বদরগঞ্জ থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তার মাহমুদুল হাসান রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ী (ডাঙ্গাপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. মজিবর রহমান।
বদরগঞ্জ থানার এএসআই জুয়েল ইসলাম বলেন, সোমবার রাতে সি.আর মামলার পলাতক আসামি আ.ফ.ম. মাহমুদুল হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, ঢাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম