স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার আন্দোলনের নামে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে নতুন করে দেশে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টাকারীদের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতন থেকে শিক্ষা নিয়ে যারা আবারও লগি-বৈঠার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিংবা জামায়াতের বিরুদ্ধে আস্ফালন ও অস্ত্রের মহড়া দিচ্ছেন, তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রংপুর টাউন হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এ সভায় মাহবুবুর রহমান বেলাল আরও বলেন, “লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই করা হবে, ইনশাআল্লাহ। কোনো খুনিকেই রেহাই দেওয়া হবে না।”
সভায় সভাপতির বক্তব্যে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িত সুনির্দিষ্ট আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সঙ্গে ওই দিনের লগি-বৈঠার সহিংসতা থেকে শুরু করে পরবর্তী আন্দোলন-সংগ্রামে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
‘রক্তাক্ত ২৮ অক্টোবর যে শাহাদাত প্রেরণা জোগায়’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, আল আমিন হাসান, প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া, মহানগর শিবিরের সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি সাজ্জাদ হোসাইন ও জেলা সভাপতি হামিদুর রহমান প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিকেল সাড়ে ৪টার দিকে টাউন হল মাঠ থেকে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম