স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর বাতায়ন২৪ডটকম||
রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, অনলাইন জুয়া ও মাদক সেবনের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ পিস ইয়াবা, অনলাইন জুয়া খেলার অ্যাপস সংবলিত একটি মোবাইল ফোন এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু: মাহবুবুর রশীদ এর দিকনির্দেশনায় তাজহাট থানা পুলিশ পৃথক এসব অভিযান পরিচালনা করে।
তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রথম অভিযানে তাজহাট থানার ৩২ নম্বর ওয়ার্ডের সরেয়ারতল এলাকার মামুন পার্কের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবুল কালাম (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা ইয়াবার ওজন ০.৮ গ্রাম। আবুল কালাম সরেয়ারতল এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৪, তারিখ ৬ অক্টোবর ২০২৬। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, তাজহাট থানার কামারের মোড় এলাকায় রতন কর্মকারের দোকানের সামনে অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় মোঃ নাহিদ (২০) ও মোঃ ফুয়াদ হাসান ওরফে লিখনকে (১৯) গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস সংবলিত একটি Samsung M01 Android মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার নাহিদের বাড়ি তাজহাট থানার আশরতপুর চিনিয়াপাড়া এলাকায়। ফুয়াদ হাসান ওরফে লিখনের স্থায়ী ঠিকানা রংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুর এলাকায় এবং বর্তমানে তিনি তাজহাটের সরেয়ারতল এলাকায় বসবাস করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০১৬-এর ১৬/২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৫, তারিখ ৬ অক্টোবর ২০২৬।
এদিকে, তাজহাট থানার চিনিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাক ছাত্রাবাসের নিচতলায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার লারারপাড়া এলাকার মোঃ লাজিম (২১), রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনশালা এলাকার মোঃ রতন মন্ডল (২৮) এবং তাজহাট মোল্লাপাড়া এলাকার মোঃ সুপ্ত (২৩)।
অভিযানকালে মাদক সেবনে ব্যবহৃত তিনটি গ্যাস লাইট, ফুয়েল পেপার দিয়ে তৈরি একটি পাইপ এবং সাদা ও সবুজ রঙের দুটি ছোট পাইপ জব্দ করা হয়।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। গ্রেফতার তিনজনকে ০৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু: মাহবুবুর রশীদ বলেন, অপরাধ প্রতিরোধ, মাদক ও জুয়া নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রংপুর মেট্রোপলিটন পুলিশও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মাদক ও জুয়া ও সত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম