গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলি, রংপুর মেডিকেলে দুই ভারতীয়
স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম||
গভীর রাতে সীমান্তে গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন ভারতের দুই নাগরিক। গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ঘটনাটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায়। আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মাইনকারচর জেলার সুখচর থানার বড়বালু গ্রামের ইসমাইল হোসেন (৩৫) ও একই এলাকার খাজা আব্দুল আলীম (৩৯)।
আহত ইসমাইল হোসেনের দাবি, ভারতের সীমান্তের ভেতরে নিজের গরু নিয়ে বাড়িতে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করেন। ভারতীয় নাগরিক পরিচয় দেওয়ার পরও তাদের মারধর করা হয়। পরে তাদের বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। জ্ঞান ফেরার পর তারা নিজেদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পান বলে জানান ইসমাইল।

তবে তারা ঠিক কী পরিস্থিতিতে গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ভাষ্যেও বলা হয়েছে, গরু পাচারের সময় বিএসএফের গুলিতে তারা আহত হয়েছেন, এ তথ্য আহতদের বক্তব্যের ভিত্তিতে পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আহত অবস্থায় স্থানীয় কয়েকজন মাঝি তাদের উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুরে পাঠানো হয়। রংপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নম্বর সার্জারি ওয়ার্ডে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানিয়েছেন, দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক আব্দুল হাদী জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিকের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা হচ্ছে না বলেও জানান তিনি।
এদিকে ঘটনাটি নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্যে ভিন্নতা রয়েছে। কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানিয়েছেন, সীমান্তে গুলির এমন কোনো ঘটনা তাদের জানা নেই। তবে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।

আহত ইসমাইল হোসেন বিএসএফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ঘটনার বিচার দাবি করেছেন এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম