স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম |
রংপুরের বদরগঞ্জে শরিফা বেগম (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার উত্তর বাউচণ্ডী খামারকল এলাকার বাবার বাড়ি থেকে শরিফার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়, প্রায় ১৩ বছর আগে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সময় রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের পুটিমারী মাঠপাড়া গ্রামের মাসুম মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শরিফা। পরবর্তীতে তাদের বিয়ে হয়। এই দম্পতির ১২ বছর বয়সী একটি কন্যা এবং ৫ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয়রা বলেন, দাম্পত্য কলহের কারণে প্রায় তিন বছর আগে দুই সন্তানকে স্বামীর বাড়িতে রেখে বাবার বাড়িতে চলে আসেন শরিফা। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ-বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি এবং এরপর থেকে স্বামীর সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
বাবার বাড়িতে অবস্থানকালেই প্রায় পাঁচ মাস আগে শরিফা রংপুর সদর উপজেলার লাহিরীরহাটে একটি হস্তশিল্প প্রতিষ্ঠানে চাকরি নেন। তবে চার দিন আগে কর্মস্থলে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন।
নিহতের মা সাজেদা বেগম জানান, শুক্রবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে শরিফা নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন শনিবার সকাল ৯টার দিকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান।
এবিষয়ে পুটিমারী মাঠপাড়া গ্রামের ইউপি সদস্য মহুবুল ইসলাম তাদের অতীত দাম্পত্য কলহ ও সালিশের কথা স্বীকার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মোস্তাফিজুর/বাতায়ন২৪ডটকম/এইচআরবি