স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর| বাতায়ন২৪ডটকম
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে এক বড় রদবদলে রংপুর রেঞ্জে নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুল মাবুদ। পূর্বে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সারাদেশে একযোগে ২৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার রদবদলের অংশ হিসেবে রংপুর রেঞ্জের শীর্ষ কর্মকর্তাকে পুলিশ কমিশনার থেকে পদায়ন করে ডি আইজি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে।

মোহাম্মদ আবদুল মাবুদ চলতি বছরের এপ্রিলে আরএমপি কমিশনার হিসেবে যোগ দেন। তার আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-পূর্ব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে তার অভিজ্ঞতা রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনে তার এই প্রত্যক্ষ অভিজ্ঞতার কারণে রেঞ্জ ডিআইজি হিসেবে তার নতুন পদায়নকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবাগত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর বিভাগের জেলাগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদার ও অপরাধ দমন কার্যক্রমে সমন্বয়কের ভূমিকা পালন করবেন।
এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/রংপুর