সংবাদ শিরোনাম :
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘাত: কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রাসায়নিক দিয়ে এমআরপি মুছে চালের দাম বৃদ্ধি: রংপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা অবশেষে কারমাইকেল কলেজের প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকার চেক সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ দেশের ৮ জেলায় বন্যার ঝুঁকি, প্লাবিত হতে পারে আরও ৫ জেলার নিম্নাঞ্চল টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘাত: কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনী’তে “জুডিশিয়াল কিলিং” সংক্রান্ত ব্যানার সরানোকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দুই সংগঠনের নেতাকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মহানগর পুলিশ দুই পক্ষের সঙ্গে আলোচনা করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন ‘শহীদ আবু সাঈদ চত্বরে’ উভয় পক্ষ পাল্টা সমাবেশ আহ্বান করলে সেখানে ১৪৪ ধারা জারির আবেদন জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে উভয় পক্ষ সমাবেশের পথ (রুট) পরিবর্তন করলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত লালবাগ থেকে শহীদ আবু সাঈদ চত্বর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

যেভাবে সংঘর্ষের সূত্রপাত:
প্রত্যক্ষদর্শীরা জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ‘স্বাধীনতার স্মারক চত্বরে’ ‘জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনী’র আয়োজন করে। এতে সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা ও মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডকে “জুডিশিয়াল কিলিং” হিসেবে দাবি করে একটি প্রদর্শনী ব্যানার টাঙানো হয়।

সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক ওহীর রায়হানের নেতৃত্বে একদল নেতাকর্মী প্রদর্শনীস্থলে গিয়ে উক্ত ব্যানার সরানোর জন্য ৫ মিনিট সময় বেঁধে দেন। শিবির তা সরাতে অপরাগতা জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক মাসুদ পেছন থেকে একটি চেয়ার ছুড়ে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রশিবিরের ধাওয়ায় ছাত্রদলের একটি অংশ প্রধান ফটকের সড়কের দিকে এবং সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অপর অংশ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে ছাত্রদল ইটের পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

রাত সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এম শওকত আলী ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফাঁড়িতে অবরুদ্ধ ছাত্রদল নেতাদের উদ্ধার করেন। পরে তিনি উভয় পক্ষের বিশ্ববিদ্যালয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের নিয়ে সিন্ডিকেট রুমে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে দুই পক্ষই তাদের কর্মীদের শান্ত করে হলে ও মেসে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করে। তবে বৈঠক শেষে বাইরে এসে যৌথ ব্রিফিং দেওয়ার আগেই পার্কের মোড় এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সঙ্ঘবদ্ধ হয়ে প্রধান ফটকে অবস্থানরত শিবিরের ওপর ফের হামলা চালায়। এতে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

পরবর্তীতে রাত পৌনে ১টার দিকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমদের নেতৃত্বে বিপুল পরিমাণ গোয়েন্দা ও পোশাকধারী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উপাচার্যের মধ্যস্থতায় রাত সোয়া ১টার দিকে দুই পক্ষ শান্ত হয়ে ক্যাম্পাস ত্যাগ করে। সংঘর্ষ চলাকালে একপর্যায়ে প্রধান ফটকে ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ লিখে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

উভয় পক্ষের পাল্টা মিছিল ও বক্তব্য:
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকেই এলাকা জুড়ে আবারও উত্তেজনা বাড়তে থাকে। বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেরোবি ছাত্রদল ছাড়াও জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পার্কের মোড় হয়ে আবারও সেখানে ফিরে আসেন তারা।

মিছিল শেষে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, “ছাত্রশিবির গত ১৭ বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ড ও ৬টি থানায় জামায়াত-শিবিরকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

অন্যদিকে, সন্ধ্যা ৬টায় নগরীর লালবাগ কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রশিবির। মিছিলটি লালবাগ রেলগেট, খামার মোড় ও বিকন মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান বলেন, “ছাত্রদল ক্যাম্পাসে ছাত্রলীগের মতো দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তারা এই পথ থেকে সরে না আসলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে।”

 

উভয় পক্ষের ক্ষয়ক্ষতি ও অভিযোগ:
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদ জানান, “আমরা নিয়ম মেনেই প্রদর্শনীর আয়োজন করেছিলাম। কিন্তু ছাত্রদল এসে জোরপূর্বক ব্যানার সরাতে বলে। প্রশাসনকে জানানোর কথা বললে তারা আমাদের নেতাকর্মীদের ওপর চেয়ার ছুড়ে মারে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বহিরাগতদের এনে আবারও হামলা চালিয়েছে। এতে সাবেক সভাপতি সোহেল রানাসহ আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।”

অন্যদিকে, বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইয়ামিন অভিযোগ অস্বীকার করে বলেন, “যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করতে দেখে তা সরাতে বলায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা আমাদের নিরস্ত্র কর্মীদের ওপর লাঠিসোটা ও অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ৫ জন কর্মী আহত হয়েছেন।”

##প্রশাসন ও পুলিশের বক্তব্য:
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, “আমাকে না জানিয়েই ছাত্রদলের নেতারা ব্যানার সরাতে গিয়ে উত্তেজনার সৃষ্টি করে। দুই পক্ষের ইটের আঘাতে আমি নিজেও আহত হয়েছি। পরে ভিসি স্যারের মধ্যস্থতায় সমঝোতা হলেও প্রধান ফটকের সামনে এসে ফের সংঘর্ষ হয়। পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

উপাচার্য অধ্যাপক ড. এম শওকত আলী বলেন, “ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় শহীদ আবু সাঈদ চত্বরে ১৪৪ ধারা জারির আবেদনের পাশাপাশি বহিরাগতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ জানান, “বিশ্ববিদ্যালতয় প্রশাসন ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সহযোগিতায় বল প্রয়োগ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com