হারুন-অর-রশিদ বাবু||রংপুর ||বাতায়ন২৪ডটকম ||
রংপুর অঞ্চলের সমউন্নয়ন নিশ্চিত করতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শুধু রংপুর জেলার উন্নয়নে সাড়ে পাঁচশ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর সিটি করপোরেশনের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে নেওয়া হয়েছে ৫৪ লাখ টাকার প্রকল্প।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের সব জেলার উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার জন্য আলাদা আলাদা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন কর্মসূচি বা প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেওয়া হলে তা বাস্তবায়নে অনুমোদন দেওয়া হবে।
তিনি বলেন, রংপুর অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন। আন্তর্জাতিক পর্যায়ের খেলা যেমন একটি অঞ্চলের গৌরব, তেমনি সেই খেলা উপভোগ করার অধিকারও ওই অঞ্চলের মানুষের রয়েছে। এ বিবেচনায় শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর বাইরে প্রয়োজনীয় উন্নয়নও করা হবে।
দ্বিতীয় যমুনা সেতু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। রংপুর বিভাগের মানুষ ও অঞ্চলকে গুরুত্ব দিয়ে কোথায় সেতু নির্মাণ করলে সবচেয়ে বেশি সুবিধা হবে, তা বিবেচনায় নিয়ে এ সমীক্ষা করা হবে।
দেশের চলমান অগ্নিসন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে অগ্নিসন্ত্রাস চলছে না; নির্দিষ্ট একটি জেলায় এ ধরনের ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিও পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণ নিরাপত্তার মধ্যে রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আইন অনুযায়ী বল প্রয়োগ করা হবে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দলটির অতীত কর্মকাণ্ড ও সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে জনগণের সামনে এসেছে। সংবিধান সংশোধনের মাধ্যমে দলটিকে চিরতরে নিষিদ্ধ করার প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সে উদ্যোগ নিতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইন সংশোধনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এসব নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। কোনো দলীয় প্রতীক বা সরাসরি দলীয় মনোনয়নের সুযোগ থাকবে না। প্রার্থীরা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রংপুর বিভাগের সাংগঠনিক বিপর্যয় নিয়ে তিনি এ মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছেন না। সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে না থাকায় এ বিষয়ে উত্তর দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটির প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নাজমুল আলম নাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম