স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা সফল হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সরকার মানবিক ও ধৈর্যশীল হলেও জনগণের নিরাপত্তা বিঘ্নিত হলে এবং ধৈর্যের সীমা অতিক্রম করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বল প্রয়োগ করা হবে।
প্রতিমন্ত্রী দাবি করেন, সারাদেশে অগ্নিসন্ত্রাস চলছে না; নির্দিষ্ট একটি জেলায় বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিও পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, পতিত, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দুই-এক জায়গায় পেট্রোল বোমা মেরে ও থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে অরাজকতা তৈরি করে শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো করে কোনো লাভ হবে না।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দলটি গুম, হত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। নতুন করে নিজেদের এলাকায় একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল, বর্তমান পরিস্থিতি তা প্রমাণ করেছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।
সারাদেশে অগ্নিসন্ত্রাস নিয়ে জনমনে আতঙ্কের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে অগ্নিসন্ত্রাস চলছে না, এটি কেবল নির্দিষ্ট একটি জেলায় ঘটছে। সামাজিক মাধ্যমে সারাদেশের যেসব ভিডিও দেখা যাচ্ছে, সেগুলো পুরোনো ভিডিও এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে।
বর্তমান সরকারকে মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল উল্লেখ করে মীর শাহে আলম বলেন, আগের সরকারের মতো গুম, হত্যা বা গুলি চালিয়ে আমরা কোনো কিছু নির্মূল করতে চাইনি বলেই সবকিছু ধৈর্যসহকারে মোকাবেলা করেছি। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এবং জনগণ শান্তি ও নিরাপত্তার মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, এরপরও কেউ ধৈর্যের সীমা অতিক্রম করলে জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। প্রয়োজনে বল প্রয়োগ করা হবে।
এ ছাড়া কোনো জেলার মানুষ যদি মনে করে, তাদের এলাকায় থানা, সরকারি অফিস-আদালত কিংবা উন্নয়ন কার্যক্রমের প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে এসব স্থাপনা ও কার্যক্রম রাখবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
চলমান সংবিধান সংশোধন প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রয়োজনে সরকারি ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম