গাইবান্ধা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন পৌর এলাকার প্রধান ডাকঘরসংলগ্ন নতুন ব্রিজের পশ্চিম পাশে সীমান্ত দাসের ফলের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
এসআরবি-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রাখা ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম