স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর মহানরগরীতে ১৯ ইয়াবাসহ গ্রেফতার পুলিশের বর্তমান ও সাবেক দুই কনেস্টবলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত কোতয়ালীর বিচারক এই আদেশ দেন।
আদালতের প্রসিকিউটর আবু সাঈদ জানান, সন্ধায় মামলার তদন্ত কর্মকর্তা ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কনেস্টবল মাহিন ইসলাম ও সাবেক কনেস্টবল ওমর আলীকে আদালতে তোলেন। উভয় পক্ষের শুনানী শেষে বিচারক রফিকুল ইসলাম তাদের জামিন না মঞ্জর করেন। পরে তাদেরকে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুরের উপ পরিচালক আবু জাফর জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মহানগরীর পায়রা চত্তরের স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষ থেকে গ্রেফতার করা হয় বর্তমান ও সাবেক দুই পুলিশ কনেস্টবলকে। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের বিরলের মোহনপুরের মাজেদুল ইসলামের পুত্র কনেস্টবল মিঠুন ইসলাম । সম্প্রতি তাকে রংপুর জেলা পুলিশ থেকে এসআরবিতে পোস্টিং দেয়া হয়েছে। অপরজন সিরাজগঞ্জের বেলকুচির কোণাবাড়ীর মৃত আব্দুস সাত্তার সরকারের পুত্র সাবেক পুলিশ কনেস্টবল ওমর আলী। তার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় দায়েরকৃত একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।
ডিএনসি জানায়, অভিযানের সময় কক্ষের খাটের নিচে মেঝোতে থাকা একটি ‘ডার্বি’ সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলি ব্যাগ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবা সেবনের ৪টি পাইপ, ২টি গ্যাস লাইট, ৩টি প্লাস্টিকের কর্ক, ২টি ফয়েল পেপার ও ২টি স্মার্টফোন জব্দ করে। এ ঘটনায় ডিএনসির এসআই তাহমুদার রহমান মহানগর কোতয়ালী থানায় মামলা করেছেন।
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, ডিএনসি থানায় মামলা দিয়ে দুই পুলিশ সদস্যকে আমাদের কাছে সোপর্দ করে। পরে তাদেরকে জব্দতকৃত আলামতসহ গ্রেফতার দেখিয়ে আমরা আদালতে পাঠাই।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম