স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর নগরীতে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিমা জামান প্রমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর জামান বাবুর মেয়ে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিলন চ্যাটার্জি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর মেডিকেল মোড় এলাকার কেল্লাবন্দে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম