সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার AI দিয়ে ছেলের কণ্ঠ নকল করে প্রতারণা, গাইবান্ধায় চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ: রংপুর শিক্ষা অফিসে চুড়ান্ত মনোনয়ন বঞ্ছিতদের অবস্থান রাণীশংকৈলে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ ৭ জন আটক ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট এ হেক্সা চ্যাম্পিয়ন হওয়ায় অনন্যা-কিসকুর দলকে সংবর্ধনা ও ব্লেজার উপহার দিলো ডিএফএ তাজহাটে গ্যারেজ মালিক হত্যার পলাতক আসামি অমিত ঘোষ গ্রেপ্তার রংপুরে শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রংপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
AI দিয়ে ছেলের কণ্ঠ নকল করে প্রতারণা, গাইবান্ধায় চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

AI দিয়ে ছেলের কণ্ঠ নকল করে প্রতারণা, গাইবান্ধায় চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম|

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন রংপুর -১৩ (এসআরবি-১৩)। প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে এক ব্যক্তির ছেলের কণ্ঠ নকল করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার দুজন হলেন গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আইদুল হোসেনের ছেলে মো. সোহেল মন্ডল (২৭) এবং একই এলাকার মো. হাসেম আলীর ছেলে মো. হেলাল ইসলাম (২২)।

এসআরবি-১৩ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।

অভিযোগের সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। তাকে ছাড়াতে টাকা প্রয়োজন।

এসআরবি-১৩-এর ভাষ্য অনুযায়ী, প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সাহায্যে আমিনুল ইসলামের ছেলের কণ্ঠ নকল করে তার বিশ্বাস অর্জন করে। একপর্যায়ে প্রতারকদের কথামতো দুই দফায় নগদে মোট ৪০ হাজার টাকা পাঠান তিনি।

টাকা পাঠানোর পর ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি বুঝতে পারেন, পুরো ঘটনাটিই ছিল প্রতারণা। এরপর তিনি বিষয়টি নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে থাকেন এবং ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় অজ্ঞাতনামা প্রতারকদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির নম্বর ৫৯।

মামলার পর ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় অভিযান চালিয়ে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি রংপুর -১৩ এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর কাওসার বাধন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে তাদের বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান গত ৪৮ ঘণ্টায় তাদের অভিযানে গাইবান্ধায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ; রংপুরের তাজহাটে অটোরিকশা গ্যারেজ মালিক হত্যা মামলায় একজন আসামি গ্রেপ্তার; পীরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার; ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুজন গ্রেপ্তার; কুড়িগ্রামে মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি গ্রেপ্তার; দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার; ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি গ্রেপ্তার এবং রংপুরের গঙ্গাচড়া থেকে একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com