স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম |
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি নগরীর জীবন বীমা মোড়, শাহী মসজিদ হয়ে জাহাজ কোম্পানি মোড় দিয়ে
প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় গ্রান্ড হোটেল মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল আলম নাজু,
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন ও ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে বিএনপির কেন্দ্রীয় যৌথসভায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না গত ২২ সেপ্টেম্বর এক বক্তব্যে বলেন, পরিকল্পিত ষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় যুবদল রাজপথে থাকবে এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।
রংপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন, সদস্য সচিব জাকারিয়া আসলাম জিম।
এ ছাড়া রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক জোনায়েদ চৌধুরী ও ফজলে রাব্বী বাবু উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব আফতাবুজ্জামান সুজন, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজীব, যুগ্ম আহ্বায়ক মো. আকাশ এবং জেলা ছাত্রদলের সদস্য ফজলে রাব্বীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম